ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২

সুনীল গঙ্গোপাধ্যায়

৩২/২ যোগীপাড়া রোড
কলকাতা ২৮
১৬.৩.১৯৬৬
সমীর,
        তোর দুটো টেলিগ্রাম পেয়েছি । চিঠি পেলে ব্যস্ততার কথা জানতে পারতুম । 'ভিয়েতনামের' এক ফর্মা ছাপা হচ্ছে দু'এক দিনের মধ্যেই, বাকি এক ফর্মা খুব শিগগির তো সম্ভব নয়। কারণ বেরুতে পারে না। কৃত্তিবাসে তোর অনেকগুলো কবিতা ছাপা হয়ে গেছে--- এখন কৃত্তিবাস বেরুবার আগে--- তোর বই বার করি কি করে । বই বেরিয়ে যাবার পর--- সে বইয়েরই কবিতা কৃত্তিবাসে ছাপা অত্যন্ত দৃষ্টিকটু--- সুতরাং কৃত্তিবাস বেরুবার কয়েকদিন পর তোর বই বেরুনো উচিত।
        কৃত্তিবাসের কাজও প্রায় শেষ হয়ে এসেছে --- এবার কৃত্তিবাস ৭ ফর্মার মতন হচ্ছে। কিন্তু কয়েকটি বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি --- বেরুতে বেরুতে এ মাসের শেষ--- বা আগামী মাসের প্রথমে--- রবীন্দ্র জন্মদিবসের হৈ-হল্লার সময়ে।
        তোর বই মে-মাসের দ্বিতীয় সপ্তাহ আন্দাজ বেরুতে পারে।
                                                 ভালোবাসা নিস
                                                       সুনীল

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২

প্রবাল দাশগুপ্ত

সেন্টার ফর এ এল টি এস
ইউনিভারসিটি অফ হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ ৫০০ ১৩৪
৩১.৭.১৯৯৩
সমীরবাবু,
        ধরে নিচ্ছি শেষ পর্যন্ত 'অধুনান্তিক এলাকা' পেয়েছেন। ছাপার কাজ অনেক দূর এগিয়ে গেল নিশ্চই। কবে নাগাদ বেরোবে জানতে পারলে ঠিক করতে পারব, আমার যে দু'য়েকজন বন্ধু লেখাটা এখন পড়তে চাইছে তাদের পাণ্ডুলিপির জেরক্স পাঠাবার দরকার আছে কিনা।
        একজন বন্ধু বলছে যে একটি গ্রন্হমালায় 'সাজানো বাগানের পরের স্টপ' আর 'অধুনান্তিক এলাকা' পুনর্মুদ্রণ করতে চায়। আপনারা কি এ-প্রস্তাবে রাজি ? আপনাদের অনুমতি না পেলে স্পষ্টতই আমি কিছু বলতে পারি না। পত্রিকায় মুদ্রিত লেখায় সম্পাদকের আর লেখকের যৌথ স্বত্ত্ব থাকে।
        প্রীতি ও শ্রদ্ধা জানবেন। আশা করি ভাল আছেন।
                                                    ইতি
                                             প্রবাল দাশগুপ্ত

মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়

কেতকী
পো: মণিহারা
পুরুলিয়া
৪.১০.১৯৯৬
শ্রদ্ধেয় সমীরবাবু,
আপনার গুচ্ছ কবিতা শারদ সংখ্যায় ছাপা হয়েছে। কেতকী এবার কলকাতা থেকে ছাপা হচ্ছে। এখান থেকে পত্রিকা প্রকাশ করা আর সম্ভব হচ্ছে না। কলকাতায় একজন কবিকে যাবতীয় দায়িত্ব দেয়া হয়েছে। সেখানেই অফিস খোলা হয়েছে। মাসে ১/২ বার আমাকে যেতে হবে। আর কি?
        কবি মলয় রায়চৌধুরীর কবিতাও আছে।
        হাওয়া কি বের হয়েছে? আমার কিছু কবিতা পাঠিয়েছিলাম। দেখবেন চলে কিনা । ছাপা হলে জানাবেন।
        টেলি-কবিতার সংকলন পেলাম কই ? পাঠাবেন। একান্ত অনুরোধ। পাঠাতে ভুলবেন না। চিঠি দেবেন। নতুন কোনো সংবাদ থাকলে জানাবেন।
                                                       নমস্কার
                                           মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়
       

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২

ত্রিদিব মিত্র

শালকিয়া
হাওড়া
৯ ফেব্রুয়ারি ১৯৬৭
প্রিয় সমীরদা,
আপনার চিঠিপত্র তো একেবারেই বন্ধ। ঠিক নয়। যোগাযোগ রাখবেন। ইন্সপায়ার করবে কে ? 'উন্মার্গ' বার করছি মার্চেই। চিঠি পাওয়া মাত্র কয়েকটি কবিতা পাঠিয়ে দিন। উইদাউট ডিলে। মলয় তো এখন কলকাতায়। তবে আজই সম্ভবত পাটনা যাচ্ছে। সুভাষরা 'ক্ষুধার্ত প্রতিরোধ' বার করছে ফেব্রুয়ারির শেষাশেষি।
        কলকাতার শ্বাস এখন নিথর। চুপচাপ থেকে-থেকে শরীরমনে জং ধরে গেল।
                                                         ত্রিদিব মিত্র

সমীরণ মজুমদার

সমীরণ মজুমদার
সম্পাদক: অমৃতলোক
টি-৪ বিধাননগর
মেদিনীপুর ৭২১ ১০১
৬.৯.১৯৯৫
শ্রদ্ধাভাজনেষু দাদা,
এইমাত্র অফিসে বসে পেলাম। গতকালই কলকাতা থেকে ফিরেছি। আবার কালই লেখাটি নিয়ে ছুটতে হবে প্রেসে। আমাদের পত্রিকার কাজ শেষ পর্যায় চলছে। ফলে পৃ নং দেয়া হয়ে গেছে। তবু চেষ্টা করছি লেখাটি যতখানি এগিয়ে নিয়ে যাওয়া যায়। লেখাটির জন্য কৃতজ্ঞ । অনেক বিরক্ত করেছি। ক্ষমাপ্রার্থী।
                                                            শ্রদ্ধাসহ
                                               সমীরণ মজুমদার

সমীরণ মজুমদার

মেদিনীপুর
২১.৮.১৯৯৫
শ্রদ্ধাভাজনেষু
দাদা
শক্তি চট্টোপাধ্যায়-এর উপর আপনার প্রতিশ্রুত প্রবন্ধটি এখনও পেলাম না। কাজ আটকে রয়েছে। দ্রুত পাঠাবান আমাদের পত্রিকার জন্য এই আশায় রয়েছি। এর আগেও বারকয়েক তাগাদা দিয়েছি। হয়তো এজন্য ক্ষুণ্ণ হয়েছেন কিনা জানি না। তবুও অনুরোধ, লেখাটা পাঠান।
                                                    শ্রদ্ধাসহ
                                             সমীরণ মজুমদার

কমল চক্রবর্তী

জামশেদপুর
২৫/৮/১৯৯৫
প্রিয় সমীরদা
১) মাছের ফাইল, ২) চাপাখানা। অফসেট, খবরের কাগজের মাপের। বাইকালার। ফাইল। একটা খবরের কাগজ তৈরি হয়ে যাবে। এবং প্রকাশনী। এই দুটো কাজ।
৩) মলয়দা কি ৪ [চার কোটি] টাকা লোনের ব্যবস্হা করতে পারবেন ? কত লোন পারেন?
           আপাতত আপনি এলে আপনাকে একদিন জায়গা দেখাতে নিয়ে যাবো। ৩৬ বিঘে, হয়ে গেছে। আরও ১০০ বিঘে কিনব। টাকা চাই। সদস্যর তালিকায় আপনার নামও আছে। আপনি ভাইস প্রেসিডেন্ট। প্রথমে কাজের টাকা নিজেদের সংগ্রহ করতে হবে। প্রাথমিক লাগবে ১০; তারপরে আর পেচনে ফিরে তাকানো নেই।
          আপনি ভেবে-চিন্তে জবাব দিন। এই একবার শেষবার স্বাধীনতার পর গোটা বাঙ্গালি ও ভারতীয় এবং বিশ্বকে নাড়া দেবার সুযোগ। এটা আমরা সহজে নষ্ট হতে দেব না। কারণ এদেশের ভবিতব্য ট্রেনে চাপা পড়ে মারা-যাওয়া।
          কাজ করার সুযোগ এসে গেছে। আপনি এক দিনের জন্য চলে আসুন। যে কোনো দিন। বেলাদি ও আপনি শ্রদ্ধা নেবেন।
                                                         অনুগত
                                                          কমল