ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২

ত্রিদিব মিত্র

শালকিয়া
হাওড়া
৯ ফেব্রুয়ারি ১৯৬৭
প্রিয় সমীরদা,
আপনার চিঠিপত্র তো একেবারেই বন্ধ। ঠিক নয়। যোগাযোগ রাখবেন। ইন্সপায়ার করবে কে ? 'উন্মার্গ' বার করছি মার্চেই। চিঠি পাওয়া মাত্র কয়েকটি কবিতা পাঠিয়ে দিন। উইদাউট ডিলে। মলয় তো এখন কলকাতায়। তবে আজই সম্ভবত পাটনা যাচ্ছে। সুভাষরা 'ক্ষুধার্ত প্রতিরোধ' বার করছে ফেব্রুয়ারির শেষাশেষি।
        কলকাতার শ্বাস এখন নিথর। চুপচাপ থেকে-থেকে শরীরমনে জং ধরে গেল।
                                                         ত্রিদিব মিত্র

সমীরণ মজুমদার

সমীরণ মজুমদার
সম্পাদক: অমৃতলোক
টি-৪ বিধাননগর
মেদিনীপুর ৭২১ ১০১
৬.৯.১৯৯৫
শ্রদ্ধাভাজনেষু দাদা,
এইমাত্র অফিসে বসে পেলাম। গতকালই কলকাতা থেকে ফিরেছি। আবার কালই লেখাটি নিয়ে ছুটতে হবে প্রেসে। আমাদের পত্রিকার কাজ শেষ পর্যায় চলছে। ফলে পৃ নং দেয়া হয়ে গেছে। তবু চেষ্টা করছি লেখাটি যতখানি এগিয়ে নিয়ে যাওয়া যায়। লেখাটির জন্য কৃতজ্ঞ । অনেক বিরক্ত করেছি। ক্ষমাপ্রার্থী।
                                                            শ্রদ্ধাসহ
                                               সমীরণ মজুমদার

সমীরণ মজুমদার

মেদিনীপুর
২১.৮.১৯৯৫
শ্রদ্ধাভাজনেষু
দাদা
শক্তি চট্টোপাধ্যায়-এর উপর আপনার প্রতিশ্রুত প্রবন্ধটি এখনও পেলাম না। কাজ আটকে রয়েছে। দ্রুত পাঠাবান আমাদের পত্রিকার জন্য এই আশায় রয়েছি। এর আগেও বারকয়েক তাগাদা দিয়েছি। হয়তো এজন্য ক্ষুণ্ণ হয়েছেন কিনা জানি না। তবুও অনুরোধ, লেখাটা পাঠান।
                                                    শ্রদ্ধাসহ
                                             সমীরণ মজুমদার

কমল চক্রবর্তী

জামশেদপুর
২৫/৮/১৯৯৫
প্রিয় সমীরদা
১) মাছের ফাইল, ২) চাপাখানা। অফসেট, খবরের কাগজের মাপের। বাইকালার। ফাইল। একটা খবরের কাগজ তৈরি হয়ে যাবে। এবং প্রকাশনী। এই দুটো কাজ।
৩) মলয়দা কি ৪ [চার কোটি] টাকা লোনের ব্যবস্হা করতে পারবেন ? কত লোন পারেন?
           আপাতত আপনি এলে আপনাকে একদিন জায়গা দেখাতে নিয়ে যাবো। ৩৬ বিঘে, হয়ে গেছে। আরও ১০০ বিঘে কিনব। টাকা চাই। সদস্যর তালিকায় আপনার নামও আছে। আপনি ভাইস প্রেসিডেন্ট। প্রথমে কাজের টাকা নিজেদের সংগ্রহ করতে হবে। প্রাথমিক লাগবে ১০; তারপরে আর পেচনে ফিরে তাকানো নেই।
          আপনি ভেবে-চিন্তে জবাব দিন। এই একবার শেষবার স্বাধীনতার পর গোটা বাঙ্গালি ও ভারতীয় এবং বিশ্বকে নাড়া দেবার সুযোগ। এটা আমরা সহজে নষ্ট হতে দেব না। কারণ এদেশের ভবিতব্য ট্রেনে চাপা পড়ে মারা-যাওয়া।
          কাজ করার সুযোগ এসে গেছে। আপনি এক দিনের জন্য চলে আসুন। যে কোনো দিন। বেলাদি ও আপনি শ্রদ্ধা নেবেন।
                                                         অনুগত
                                                          কমল

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১২

সুনীল গঙ্গোপাধ্যায়

 কৃত্তিবাস
১১ অক্রুর দত্ত লেন
কলকাতা ৭০০ ০১২
সমীর
          রেণুজীর মৃত্যুসংবাদ হঠাৎ বুকে এসে ধাক্কা মারলো। কৃত্তিবাসের একটি সংখ্যা আজই বেরুচ্ছে। পরবর্তী সংখ্যায় রেণুজী সম্পর্কে তোকেই লিখতে হবে। অবিলম্বে কিছু লিখে পাঠাবি। সাত-আট দিনের মধ্যে।
        আবার কবে কলকাতা আসছিস ?
                                                      সুনীল
                                                             ১৩-৪-৭৭

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

সুনীল গঙ্গোপাধ্যায়

২৫/১/১৯৬৬
সমীর
        ডেরি-অন-সোনে আমার চোখের সামনে দিয়ে বম্বে মেল বেরিয়ে যায়। তখন আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছোঁয়নি। পরবর্তী ট্রেন পাঠানকোট ভোর সাড়ে চারটের সময়। বসে বসে শীতে কাঁপবার বদলে একদল লোকের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিলুম। একজন রেলকর্মীর নামে স্টেশন মাস্টারের কাছে কমপ্লেন ইত্যাদি করতে-করতেই বেশ সময় কেটে গেল।
        পাঠানকোট সারা রাস্তা লেট করতে লাগলো। একবার তো একটা বগি ছিঁড়ে বেরিয়েই গেল, পেছনের দিকে অবশ্য--- তাই নিয়ে হৈ চৈ মেরামত হলো--- আমার ট্রেন চলা--- অনবরত সাসপেন্স--- কখন ট্রেনটা কলকাতায় পৌঁছোবে। কারণ, আমি আগাগোড়াই ভাবছি--- সেদিন সন্ধের মধ্যে না পৌঁছুতে পারলে--- আমার আসাটাই ব্যর্থ; তাহলে তো আরো কয়েকদিন থেকে এলেই পারতুম। বর্ধমান এলো--- বিকেল পাঁচটায়--- আমি তখনও ছটফট করছি, ট্রেন তখনও থেমে থেমে চলছে, সাড়ে সাতটা আন্দাজ শিয়ালদা থেকে এক মাইল দূরে সিগনাল না পেয়ে ট্রেন নিথর হয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন সুটকেস হাতে ঝুপ করে লাফিয়ে পড়ে অন্ধকার রেল লাইন ধরে ধরে ছুটে, বাঁধ দিয়ে গড়িয়ে নেমে-- নারিকেলডাঙা রোডে এসে উপস্হিত। সেখান থেকে ট্যাক্সি ধরে সোজা আনন্দবাজার। সে এক অ্যাডভেঞ্চার। ততক্ষণে আমাকে বিষম খোঁজাখুঁজি পড়ে গেছে।
        এসবে কিন্তু মাথার একটুও ক্ষতি হয়নি। কারণ মন-মেজাজ বেশ প্রখর হয়েছিল। ক্রমশ দেখছি শান্ত জীবনের প্রতি আমার দুর্নিবার লোভ দেখা দিচ্ছে। বাচ্চা ছেলে-মেয়েদের সঙ্গে আমি কোনোদিন সুবিধে করতে পারিনি। কিন্তু হনির সঙ্গে খেলা করতে আমার এমন ভালো লেগে গেল। আগে ছিল, সৌন্দর্য বা প্রকৃতি দেখলেই--- তাকে ধ্বংস করার প্রবল ইচ্ছে। এখন ভালো লাগছে, শান্ত হয়ে চুপচাপ বসে থাকতে। বেতলার ডাকবাংলোয় যে গিয়েছিলাম--- দু'এক বছর আগে হলে কি ব্র্যান্ডির বোতল নিতে কোনক্রমে ভুলে যেতুম বা শেষ পর্যন্ত মহুয়া জোগাড় না করে ছাড়তুম ?  আরও কত কত গন্ডোগোলের সন্ধান করতুম কে জানে। এখন দেখছি, কিছু না করে চুপচাপ বসে থাকার মধ্যেও একটা প্রবল উত্তেজনা আছে। নিজেকে পোষ মানানোও এক রকমের নেশা। এখন বেশ ভালো লাগছে কয়েকটা দিন। ঠিক করেছি, কলকাতার দলবলের সঙ্গে নয়, একা একা প্রায়ই দুচারদিনের জন্য কলকাতার বাইরে ঘুরে আসবো। তুই ওখানে অফিসের কাজকর্ম গুছিয়ে নিয়ে কিছুটা হাল্কা হলে--- পরে আবার একবার যাবো। বেলা খুব ভালো মেয়ে--- বিয়ে করে সন্দীপনের মতো ডুবে যাওয়ার সম্ভাবনা তোর একটুও নেই। কলকাতার বিবাহিত বন্ধুদের দেখলে--- আমার বিয়ে করার শখ একেবারে উপে যায়।
        কলকাতার গুরুতর খবর--- বিনয় মজুমদার এখন জেলে। কয়েকদিন আগে বিনয়ের পাগলামি একটু বেড়ে যায়। যে হোটেলে থাকতো--- সেই হোটেলের ঠাকুরকে ঘুমন্ত অবস্হায় লাঠি মেরে খুন করতে যায়। প্রথমে আমি শুনেছিলাম--- লোকটা খুনই হয়ে গেছে। এখন জানলুম, না, আঘাত খুব মারাত্মক নয়, বেঁচে উঠবে লোকটা। ফেব্রূয়ারিতে বিনয়ের কেস উঠবে--- এখন বিনয়ের জন্য কেউ জামিন হয়ে ছাড়াতে রাজি নয়। কারণ ছাড়িয়ে কোথায় রাখা হবে ? বিনয়ের দাদা ওর ভার নিতে অস্বীকার করেছেন। হাজতে বিনয়কে কয়েক মুহূর্তের জন্য দেখে খুব অদ্ভুত লাগলো। স্বাভাবিক হয়ে গেছে এখন। কৃত্তিবাসে একটা কবিতা ছাপার বিষয়ে কথা বললো। বিনয়ের তুলনায় আমরা কতো ছোটো। পৃথিবীতে দু'একজন মাত্রই থাকে -- যারা কবিতা ছাড়া আর সব কিছুই ভুলে যায়-- আর সব কিছুই তাদের কাছে অকিঞ্চিৎকর। কৃত্তিবাসের জন্য তোর লেখা তাড়াতাড়ি পাঠিয়ে দিস।
                                                        সুনীল
( বেলা সমীর রায় চৌধুরীর স্ত্রী। হনি ওনার মেয়ে। সমীর এই সময়টিতে কৃত্তিবাস পত্রিকায় আর কবিতা দিচ্ছিলেন না; প্রধানত হাংরি আন্দোলনের বিরুদ্ধে সুনীল ও কৃত্তিবাস গোষ্ঠীর অন্যান্য সদস্যদের কার্যকলাপের জন্য । সমীরের গোচরে একথা এসেছিল যে আয়ওয়া থাকাকালে সেখান থেকে সুনীল তাঁর পরিচিত সবাইকে হাংরি আন্দোলনের বিরুদ্ধে ওসকাচ্ছিলেন । সন্দীপন, উৎপল, শক্তি, শরৎ প্রমুখকে লেখা চিঠিগুলি থেকে তার প্রমাণ মেলে ।
 নিম্ন আদালতে সমীরের ছোটো ভাই মলয়ের কারাদণ্ডের আদেশ হয়েছিল । সমীরের ক্রোধ প্রশমিত করতে সুনীল গিয়েছিলেন ডালটনগঞ্জে । সমীর তাঁকে অফিসের জিপে চাপিয়ে একজন পিয়নের সঙ্গে ডেহরি অন সোন স্টেশানে ট্রেনে তুলে দেবার জন্য পাঠিয়েছিলেন । সুনীল এখানে সে কথাটি উহ্য রাখলেন ।  ধন্যবাদ জানাবার প্রয়োজন মনে করলেন না ।)

বুধবার, ২৫ জানুয়ারি, ২০১২

সুনীল গঙ্গোপাধ্যায়ে

৩২/২ যোগী পাড়া রোড                                                                                                ৯/১১/১৯৬৫
কলকাতা ২৮
সমীর
        মলয়ের ৫ তারিখের মামলার বিস্তৃত বিবরণ নিশ্চয়ই ওদের চিঠিতে জানতে পারবি, বা জেনে গেছিস। সে-সম্পর্কে আর লিখলাম না।
        দুটি ব্যাপার দেখে কিছুটা অবাক ও আহত হয়েছি। তুই এবং মলয় ইত্যাদি ধরেই নিয়েছিলি আমি মলয়ের স্বপক্ষে সাক্ষী দেবো না --- বরং অন্যান্যদের বারণ করবো, কোনোরকম সাহায্য করবো না। তোর অনুরোধ ছিল, 'শেষ অনুরোধ' --- যেন আমি প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ অনুরোধ আগে প্রত্যাখ্যান করেছি। মলয়ও কয়েকদিন আগে সকালে আমার বাড়িতে এসে বললো, ওর ধারণা আমি চারিদিক থেকে সঙ্গে শত্রুতা করছি এবং অপরকে ওর সঙ্গে সহযোগীতা করতে বারণ করছি।
        অপরপক্ষে, মামলার রিপোর্ট কাগজে বেরুবার পর --- কফি হাউসের কিছু অচেনা যুবা, স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাকে অভিনন্দন জানাতে আসে। আমি নাকি খুবই মহৎ ব্যক্তি--- হাংরি জেনারেশানের সঙ্গে কখনও যুক্ত না থেকেও এবং কখনো পছন্দ না করেও যে ওদের স্বপক্ষে সাক্ষী দিয়েছি --- সেটা নাকি আমার পক্ষে পরম উদারতার পরিচয় !
        ওদের ওই নকল উদারতার বোঝা, এবং তোদের অন্যায্য অবিশ্বাস --- দুটোই আমার কাছে হাস্যকর মনে হল। মানুষ কি স্বাভাবিকভাবে বাঁচতে ভুলে গেছে ? আমার ব্যবহার এপ্রসঙ্গে আগাগোড়া যা স্বাভাবিক তাই। আমার স্ট্যান্ড আমি অনেক আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। আমি হাংরি জেনারেশান পছন্দ করি না ( সাহিত্য আন্দোলন হিসেবে ), আমি ওদের কিছু কিছু পাজি ব্যবহারে বিরক্ত হয়েছি। মলয়ের দ্বারা কোনোদিন কবিতা লেখা হবে না   --- আমার রুচি অনুযায়ী এই ধারণা। অপরপক্ষে, লেখার জন্য কোনো লেখককেই পুলিশের ধরার এক্তিয়ার নেই --- একথা আমি বহুবার মুখে এবং কৃত্তিবাসে লিখে জানিয়েছি। পুলিশের বিরুদ্ধে এবং যে-কোনো লেখকের স্বপক্ষে ( সে লেখকের শঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না ) দাঁড়ানো আমি অত্যন্ত স্বাভাবিক কাজ বলেই মনে করি। কারুর লেখা আমি অপছন্দ করি বলেই তার শত্রুতা করবো, কিংবা অন্য কারুকে নিবৃত্ত করবো তাকে সাহায্য করতে --- এরকম নীচতা কি আমার ব্যবহারে বা লেখায় কখনো প্রকাশ পেয়েছে ? এসব ছেলেমানুষী চিন্তা দেখলে -- মাঝে মাঝে রাগের বদলে হাসিও পায়।
        যাই হোক, আদালতের সাক্ষ্যতে আমি দুটি কথা বলেছি। মলয়ের লেখার মধ্যে অশ্লীলতা কিছুই নেই --- এবং লেখাটা আমার ভালোই লেগেছে। ধর্ম সাক্ষী করে আমি দ্বিতীয় কথাটা মিথ্যে বলেছি। কারণ, কয়েকদিন আগে মলয় যখন আসে --- তখন আমি বলেছিলাম যে ওর লেখা আমি পছন্দ করি না। কিন্তু শ্লীল-অশ্লীলের প্রশ্নটি জেনারাল, এবং সেই জেনারাল প্রশ্নে আমি অশ্লীলতা বলে কিছুই মানি না। সুতরাং সেই হিসেবে মলয়ের লেখাও যে কিছুমাত্র অশ্লীল নয় তা আমি সাক্ষীর মঞ্চে উঠে স্পষ্ট ভাবে বলতে রাজি আছি। তখন মলয় আমাকে অনুরোধ করে, আমি যদি ওকে সাহায্য করতে চাই, তবে জজসাহেবের সামনে ওর কবিতা আমার খারাপ লাগে এটাও যেন না বলি। আদালত তো আর সমালোচনার জায়গা নয়। বরং ওর কবিতা আমার ভালো লাগে বললেই নাকি কেসের সুবিধে হবে।
        সাক্ষীর কাঠগড়ায় মলয়ের কবিতা আমাকে পুরো পড়তে দেওয়া হয়। পড়ে আমার গা রি রি করে। এমন বাজে কবিতা যে আমাকে পড়তে বাধ্য করা হল, সে জন্য আমি ক্ষুব্ধ বোধ করি --- আমার সময় কম, কবিতা কম পড়ি, আমার রুচির সঙ্গে মেলে না --- এমন কবিতা পড়ে আমি মাথাকে বিরক্ত করতে চাই না। মলয়ের তিনপাতা রচনায় একটা লাইনেই কবিতার চিহ্ণ নেই। মলয় যদি আমার ছোটো ভাই হতো, আমি ওকে কবিতা লিখতে বারণ করতাম অথবা গোড়ার অ-আ-ক-খ থেকে শুরু করতে বলতাম । যাই হোক, তবু আমি  বেশ স্পষ্ট গলাতেই দুবার বলেছি ওর ঐ কবিতা আমার ভালো লেগেছে। এর কারণ আমার কোনো মহত্ব নয় --- আমার সাধারণ, স্বাভাবিক, সীমাবদ্ধ জীবন । যে কারণে আমি আনন্দবাজারে সমালোচনায় কোনো বাজে বইকে ভালো লিখি --- সেই করণেই মলয়ের লেখাকে ভালো বলেছি। যাই হোক, সেদিন আদালতে গিয়ে মনে হল, হাকিম এবং পুলিশপক্ষ এ মামলা ডিসমিস করে দিতে পারলে বাঁচে --- কিন্তু মলয়ের প্রগলভ উকিল ও মামলা বহুদিন ধরে টেনে নাম কিনতে চায়।
        ডিসেম্বরের ৮-৯ তারিখে পাটনায় আমেরিকান সাহিত্যের ওপর একটা সিম্পোসিয়াম হবে। আমি তাতে যোগদান করার জন্য নিমন্ত্রিত হয়েছি। ঐ সময় আমি পাটনা যাবো। আশা করি ভালো আছিস।
                                                                            সুনীল
( মলয় রায়চৌধুরীর যে কবিতাটির কথা সুনীল উল্লেখ করেছেন তা আজ একটি কিংবদন্তি কবিতা, 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' যা ইংরেজিতে 'স্টার্ক ইলেকট্রিক জিশাস' হিসাবে অনুদিত হবার পর পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়েছে। সুনীল সম্ভবত ভবিষ্যতের বাংলা কবিতার বাঁকবদল অনুমান করতে পারেননি। মলয়ের এই কবিতাটিই উপমহাদেশের একমাত্র কবিতা যা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত 'মডার্ন অ্যান্ড পোস্টমডার্ন পোয়েট্রি অব দি মিলেনিয়াম' সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে।  পরবর্তীকালে সুনীল যখন খ্যাতি লাভ করেন তখন থেকে তিনি সমীরকে সম্পূর্ণ উপেক্ষা করা আরম্ভ করেন এবং তাঁর সম্পাদিত কোনো কবিতা ও গল্প সংকলনে সমীরকে অন্তর্ভুক্ত করেননি ।
সুনীল গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করার পর তিনি সাক্ষ্য দিতে রাজি হন । কিন্তু তরুণ সান্যাল ও জ্যোতির্ময় দত্তকে অনুরোধ করতে হয়নি । তাঁরা স্বতঃপ্রবৃত্ত হয়ে মলয়ের পক্ষে সাক্ষ্য দিতে এগিয়ে এসেছিলেন ।  উচ্চ আদালতে মামলা লড়ার জন্য জ্যোতির্ময় দত্ত একজন প্রখ্যাত ক্রিমিনাল লয়ারের কাছে মলয়ের কেসটি নিয়ে গিয়েছিলেন ।
এখানে একথাও জেনে রাখা প্রয়োজন যে শঙ্খ ঘোষ, দেবেশ রায়, অমিতাভ দাশগুপ্ত, সরোজ বন্দ্যোপাধ্যায় প্রমুখ মলয়ের পক্ষে সাক্ষ্য দিতে অস্বীকার করেছিলেন । )